বেআইনী ভাবে ভ্যাকসিনের ক্যাম্প চালানোর অভিযোগে গ্রেফতার ১ - The News Lion

বেআইনী ভাবে ভ্যাকসিনের ক্যাম্প চালানোর অভিযোগে গ্রেফতার ১

 


দি নিউজ লায়নঃ  বেআইনী ভাবে  ভ্যাকসিনের ক্যাম্প চালানোর অভিযোগে ডায়মন্ড হারবারের একটি স্বাস্থ্য কেন্দ্রের কর্মীকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। শুক্রবার সন্ধে নাগাদ সোনারপুরের রূপনগর এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত মিঠুন মন্ডলকে৷ ধৃতের কাছ থেকে কোভিশিল্ড ভ্যাকসিনের দুটি 10 মিলিলিটার  ভায়েল উদ্ধার হয়েছে। 


জানা গিয়েছে ধৃত মিঠুন মন্ডল ডায়মন্ড হারবারের পঞ্চগ্রাম হাসপাতালের ফার্মাসিস্ট। মশাট স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিনের কো-অর্ডিনেটরও ছিলেন তিনি।সপ্তাহ খানেক ধরে সোনারপুর এলাকায় একাধিক ক্যাম্প করে ৫০০ থেকে হাজার টাকার বিনিময়ে ভ্যাকসিন দেওয়ার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে।   


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিঠুন আদপে বাসন্তী থানা এলাকার বাসিন্দা হলেও সোনারপুরের সুভাষগ্রামে ভাড়া থাকতেন তিনি। সম্প্রতি রাজপুর-সোনারপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের রূপনগরের একটি বাড়িতে ক্যাম্প করে কোভিড ভ্যাকসিন দিতেন তিনি। সেই ক্যাম্পে প্রায় ৫০০ থেকে হাজার টাকার বিনিময়ে দেদার ভ্যাকসিনেশন চলত। এলাকার ৪০ জন মানুষ সেই ক্যাম্প থেকেই ভ্যাকসিন নিয়েছিলেন। ভ্যাকসিন নেওয়ার পর স্থানীয়দের মোবাইলে ম্যাসেজ না আসাতে সন্দেহ হয় তাঁদের।


 তাঁরা সোনারপুর থানার দ্বারস্থ হন। ঘটনার তদন্তে নেমে শুক্রবার রুপনগর এলাকা থেকে অভিযুক্ত মিঠুনকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় কোভিশিল্ড ভ্যাকসিনের দুটি ভায়েল। সেই ভ্যাকসিন গুলি আসল কিনা তা জানতে পরীক্ষা করতে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে জেলা স্বাস্থ্য দফতরও। 


শনিবার ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডা. দেবাশিস রায়, বারুইপুরের মহকুমা স্বাস্থ্য আধিকারিক ইন্দ্রনীল মিত্র, সোনারপুরের বিডিও সৌরভ ধল্ল ও ব্লক স্বাস্থ্য আধিকারিক অনুপ মিশ্র সোনারপুর থানায় গিয়ে ধৃতকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যান। সপ্তাহ খানেক আগে ধৃত মিঠুন ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের মশাট স্বাস্থ্যকেন্দ্র থেকে কাছ ছেড়ে  দিয়েছিল।ভ্যাকসিনগুলি সেখান থেকে চুরি করত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.